অতঃপর সে বারান্দায় গিয়ে দাঁড়াল।
জুঁইয়ের গন্ধে বাতাস যেখানে মন্থর হয়ে আছে ;
এবং, রেলিংয়ে ভর দিয়ে
যেখান থেকে অল্প-একটু আকাশ দেখা যায়।
আকাশ!
এতক্ষণে তার মনে পড়ল,
সারাটা সকাল, সারাটা বিকেল আর সন্ধ্যা
কাজের পাথরে মাথা ঠুকতে ঠুকতে, মাথা ঠুকতে ঠুকতে
মাথা ঠোকাই তার সার হয়েছে।
কোনো-কিছুই সে শুনতে পায়নি ;
না একটা গান, না একটু হাসি।
এখন শুনবে।
কোনো-কিছুই সে দেখতে পায়নি ;
না একটা ফুল, না একটু আকাশ।
এখন দেখবে।
রুগ্ন স্ত্রীকে মেজার-গ্লাসে-মাপা ওষুধ খাইয়ে,
কুঁচকে-যাওয়া বালিশটাকে গুছিয়ে রেখে,
ঘুমন্ত ছেলের ইজেরের দড়িটাকে আর-একটু আলগা করে দিয়ে,
সে তাই বারান্দায় গিয়ে দাঁড়াল।
১৮ ভাদ্র, ১৩৬৪
Related Articles
বিদ্রোহী
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর – বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর – আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, […]
বিদায়
এক. তোমার অন্তস্হল থেকে, এবং হাটুঁ গেড়ে বসা এক বিষণ্ণ শিশু, আমার মত, দেখে আমাদের। সেই জীবনের জন্য যা পুড়িয়ে দেবে তার ধমনীগুলো আমাদের জীবনের সঙ্গে বাধাঁ পড়তে বাধ্য হবে। সেই হাতগুলি দিয়ে, তোমার হাতগুলির কন্যারা আমার হাতগুলিকে হত্যা করতে বাধ্য হবে। ধরণীতে তাদের উন্মুক্ত চোখগুলির ভেতর দিয়ে একদিন দেখবে তোমার অশ্রুবিন্দুগুলি। দুই. আমি তাকে […]
অন্তপঞ্জিকা ২০১২
যাচ্ছে কেটে দিন যাচ্ছে কেটে শহরের বন্দী যত বেরসিক দূরবীন, বছর আসে,বছর যায় থেমে থাকে শুধু সিগারেট আর প্রসূত নিকোটিন । কিছুই বদলায়নি এ বছর, আবার সবই বদলে গেছে একদম, পাওয়া-না পাওয়ার হিসেব গুলো এ বছরও মেলাতে পারিনি । অনেকেই এসেছে কাছে আবার অনেকেই কাছ থেকে যোজন দুর অনেক সীমানায় আজো শুনেছি রূপান্বিতার গানের সুর […]

