কবিতা

বিজ্ঞানী

[যদি জানতাম ওরা (জার্মানরা) ব্যর্থ হবে বোমা বানাতে, তাহলে এমন কিছুই
আমি করতাম না, যা বোমা বানানোর দিকে যায়।__ আইনস্টাইন।]

পাঁচ পৃষ্ঠা লিখেছি মৃত্যুর
পূর্বের অধ্যায়ে
তারপর চলে গেছি দূর
আয় থেকে ব্যয়ে

সিন্ধুজল থেকে দূরত্বের
ধারণা জন্মাল
সেই সূত্রে জানা আমাদের
আলো মানে, আলো।

তিনপৃষ্ঠা লিখেছি আলোর
পিছনের দিকে
এক পঙক্তি দেব শুধু ওর
ক্রুর সন্ততিকে।

প্রতি মৃত্যু থেকে হয় ক্রুর
আয় থেকে ব্যয় থেকে আয়
লেখা আজও বাকি আছে দূর
সমুদ্র অধ্যায়

জয় গোস্বামী
জয় গোস্বামী
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক । জীবনী: জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।