কবিতা

বেজে উঠলো ঢাক

এখন দূর থেকে গড়িয়ে আসে ঢাকের শব্দ
এখন রাত দুপুর

সপ্তর্ষির দিকে উড়ে যায় শহরের ঘর
চোখের পাতায় বইতে থাকে খাল, খালের পাশে শ্যাওলাজমা মঠ

নেমে আসার জমি
যক্ষ হয়ে দাঁড়িয়ে থাকা তালসুপুরি

জলের ওপর ভাসে আমার ছেড়ে আসা
সারি বাঁধা বদর বদর ডাক

বেজে উঠলো অনেক দিনের ঢাক ।

তখনও রাত দুপুর
চোখের সামনে উপুড় করা প্রদীপ
জাগে কেবল
পাটাতনের পাঁজর ভাঙ্গা চলন্ত মাস্তুল

ঘুমের মধ্যে হাত বাড়িয়ে থাকে কেবল দূরের
মাটি, আমার বিলীয়মান মাটি –

বেজে উঠলো হাজার কাঠির ঢাক।

শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষ (৬ ফেব্রুয়ারি, ১৯৩২ - ) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।