দ্বিজেন্দ্র গীতি লিরিক

আজি এসেছি–আজি এসেছি,

আজি এসেছি–আজি এসেছি, এসেছি বঁধু হে,
নিয়ে এই হাসি, রূপ, গান।
আজি আমার যা কিছু আছে,
এনেছি তোমার কাছে,
তোমায় করিতে সব দান।
আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার,
এ হার তোমার গলে দিই বঁধু উপহার,
সুধার আধার ভরি, তোমার অধরে ধরি,
কর বঁধু কর তায় পান;
আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা,
তোমাতে হউক অবসান।
ওই ভেসে আসে কুসুমিত উপবন-সৌরভ
ভেসে আসে উচ্ছল জলদল কলরব,
ভেসে আসে রাশি রাশি
জ্যোৎস্নার মৃদু হাসি,
ভেসে আসে পাপিয়ার তান;
আজি, এমন চাঁদের আলো –
মরি যদি সেও ভালো,
সে- মরণ স্বর্গ সমান।
আজি তোমার চরণতলে লুটায়ে পড়িতে চাই,
তোমার জীবনতলে ডুবিয়া মরিতে চাই,
তোমার নয়নতলে শয়ন লভিব ব’লে,
আসিয়াছি তোমার নিধান;
আজি সব ভাষা সব বাক, –
নীরব হইয়া যাক,
প্রাণে শুধু মিশে থাক–প্রাণ।

      Aaj Eshechi Eshechi Bodhuhe(Dwijendra geeti) by Manomay Bhattacharya

দ্বিজেন্দ্রলাল রায়
দ্বিজেন্দ্রলাল রায়
দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই, ১৮৬৩ - ১৭ মে, ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন।এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণীতে বিন্যস্ত - প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক।[৩] তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।