কবিতা

বইতে পারো আর?

মনে পড়ে? সেইসব চেতাবনি?
উন্মুখর দিন?
যা-কিছু ঘটেছে তার কিছুই নতুন নয়, সবেরই সংকেত ছিল চেনা
তুমি শুধু দেখেও দেখোনি কিংবা জেনেও জানোনি রেখাগুলি।
কতবার কানে কানে জপেছি বলো তো শোনো একবার দেখো চক্রবাল
একবার মুখোমুখি হও জলাধারে
দর্পের মহিমা নিয়ে তুমি সরে গেছ শুধু দূরে
শুনেও শোনোনি কোনো কথা।
আমাকে যে তুচ্ছ করো এ নিয়ে বিলাপ নয় আজ
তুমি যদি ঠিক থাকো সে আমার ঢের।
কিন্তু বলো, তা কি আছো? ভালো আছো তুমি?
নিজেরই ভিতরে আজ নিজেকে কি বইতে পারো আর?
জানোনি কখন হলো তোমার শরীরজোড়া কেবলই তুখোড় অস্ত্রাগার !

শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষ
শঙ্খ ঘোষ (৬ ফেব্রুয়ারি, ১৯৩২ - ) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।