কবিতা

প্রেমকণা

১.
মূলত মানুষ একা
যে যত বলুক সঙ্গে আছে, আসলে তা অযথা সান্ত্বনা
সঙ্গে কিন্তু কেউই থাকে না
প্রয়োজনে মানুষের সঙ্গে মানুষের তো প্রশ্ন ওঠে না
পশুও থাকে না।

২.
ঠিক আছে ঠিক আছে
আমাকে একলা ফেলে
যেখানেই যাও তুমি
নিশ্চয়ই কোনও না কোনও দিক আছে
ঠিক আছে, ঠিক আছে।

৩.
ভালবাসি
শুনে তার সে কী হাসি!
হৃদয়ের উনুনে চড়িয়ে
আনাজমশলা মেখে প্রতিদিন
ভিন্ন স্বাদে ভালবাসা তৈরি হয়।
ভালবাসা কখনও কি বাসি হয়?

তসলিমা নাসরীন
তসলিমা নাসরীন
তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট, ১৯৬২) বাংলাদেশের একজন সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তাঁর রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়েন ও তাঁদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন;তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।