তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
এবার তুমি ফিরো না হে–
হৃদয় কেড়ে নিয়ে রহো।
যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তোমার আলোয় জীবন মেলে
যেন জাগি অহরহ।
কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে
তোমার আপন বাণী কহো।
কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে,
আমায় তার লাগি আর ফিরায়ো না,
তারে
আগুন দিয়ে দহো।
Related Articles
আসা যাওয়ার পথের ধারে
আসা যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন। যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীণ।। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে, মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন।। কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা, কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা। কিছু বা কোন্ চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে […]
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার হঠাৎ ডুবে যায় কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়॥ নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে– বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়॥ ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধ’রে– লেগেছিল পালের ‘পরে মধুর মৃদু বায়। সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে– লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায়॥
প্রতিদিন আমি হে জীবনস্বামী
প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে। করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে– নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে, নিখিলজগৎজনের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে, ওগো রাজরাজ, […]

