প্রভু, তোমা লাগি আঁখি জাগে ;
দেখা নাই পাই
পথ চাই,
সেও মনে ভালো লাগে॥
ধূলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে
তোমারি করুণা মাগে ;
কৃপা নাই পাই
শুধু চাই,
সেও মনে ভালো লাগে॥
আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে
চলে গেল সবে আগে ;
সাথি নাই পাই
তোমায় চাই,
সেও মনে ভালো লাগে॥
চারি দিকে সুধা-ভরা ব্যাকুল শ্যামল ধরা
কাঁদায় রে অনুরাগে ;
দেখা নাই পাই
ব্যথা পাই,
সেও মনে ভলো লাগে॥
Related Articles
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; (কোরাস) – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে! […]
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ॥ তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-‘পরে ॥ বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে, ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে। বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে ॥ রাগ: সাহানা তাল: তেওরা […]
আপনাকে এই জানা আমার ফুরাবে না।
আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥ কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা ॥ আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥ Apnake jana amar […]

