আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না।
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা,
পাটশাক ভাজার সঙ্গে আরোও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুকঃ “তোমার চোখ এতো লাল কেন?”
Related Articles
বিষ্টি
আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বিষ্টি, গাছের পাতা কাঁপছে আহা দেখতে কী যে মিষ্টি! কলাপাতায় বিষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকী, বিষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নড়তো কি? চিলেকোঠায় ভেজা শালিখ আপন মনে সাজ করে, চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাঁজ করে। হাঁসেরা সব সদলবলে উদাস করা দিষ্টিতে উঠানটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বিষ্টিতে। […]
প্রিয়তমাসু
তুমি বলেছিলে ক্ষমা নেই, ক্ষমা নেই। অথচ ক্ষমাই আছে। প্রসন্ন হাতে কে ঢালে জীবন শীতের শীর্ণ গাছে। অন্তরে তার কোনো ক্ষোভ জমা নেই। তুমি বলেছিলে, তমিস্রা জয়ী হবে। তমিস্রা জয়ী হলো না। দিনের দেবতা ছিন্ন করেছে অমারাত্রির ছলনা; ভরেছে হৃদয় শিশিরের সৌরভে। তুমি বলেছিলে, বিচ্ছেদই শেষ কথা। শেষ কথা কেউ জানে? কথা যে ছড়িয়ে আছে […]
আত্মা
প্রতিটি ট্রেনের সঙ্গে আমার চতুর্থভাগ আত্মা ছুটে যায় প্রতিটি আত্মার সঙ্গে আমার নিজেস্ব ট্রেন অসময় নিয়ে খেলা করে। আলোর দোকানে আমি হাজার হাজার বাতি সজিয়ে রেখেছি নষ্ট-আলো সঞ্জীবনী শিক্ষা করে আমার চঞ্চল অহমিকা। জাদুঘরে অসংখ্য ঘড়িতে আমি অসংখ্য সময় লিখে রাখি নারীর ঊরুর কাছে আমার পিঁপড়ে দূত ঘোরে ফেরে আমারই ইঙ্গিতে তারা চুম্বনের আগে কেঁপে […]

