কবিতা

শ্বাস-শিক্ষা

হ্যাঁ, ঠিক এইভাবে শ্বাস নিন।

আস্তে। বুক ভরে। হ্যাঁ, এক থেকে পাঁচ গুনে গুনে। শ্বাস নিন।

ভাবুন জগতে যত বৃক্ষ যত সমুদ্র বাতাস সৌরকর
তার সম্মিলিত শক্তি আমার ভিতরে এসে যাক।

এক থেকে পাঁচ গুনে গুনে
বুক খালি করে সব শ্বাস

ছেড়ে দিন এইবার। বলুন, সমস্ত দূর্বলতা
চলে যাক। যাক

হ্যাঁ নিন, এভাবে শ্বাস, হ্যাঁ ঠিক এভাবে, এই তো, নাও…

তোমার শ্বাসের সঙ্গে শ্বাস নেওয়া শিখেছি সেদিন
তোমার সুখের সঙ্গে সুখ নিতে নিতে
দেখেছি কিভাবে ধ্বংসস্তুপে
মাথা ঝাপটে আগুন লাগায়
ফুল ভরতি ডাল
কীভাবে জ্যোৎস্নার গায়ে ফেটে পড়ে জ্বর…

বুঝেছি, ঝলকমাত্র, কী কী ভাবে দেখা দেন
সম্মিলন-মুহুর্তে ঈশ্বর।

জয় গোস্বামী
জয় গোস্বামী
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক । জীবনী: জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।