কবিতা

খুনির ঘোচে না পাপ রাজার ক্ষমায়

এদেশ তোমার আর এদেশ আমার
এদেশ আমার আর এদেশ সবার
আমরা সন্তান সব এ বঙ্গমাতার
এদেশে নিষিদ্ধ শুধু খুনি রাজাকার

মুক্তিযুদ্ধের দেশ এই বাংলাদেশ
চিত্তশুদ্ধির দেশ এই বাংলাদেশ
এই দেশ জেলে-জোলা-শ্রমিক-তাঁতির
এই দেশ নয় শুধু মৌলবাদীর

মুক্তিযোদ্ধার দেশ এই বাংলাদেশ
যুক্তিযোদ্ধার দেশ এই বাংলাদেশ
এই দেশ ধ্যানী-জ্ঞানী-সুফি-সন্ন্যাসীর
এই দেশ নয় শুধু ধর্ম-শিকারির

অপরাধ করে যারা তারা অপরাধী
অন্যায় যুদ্ধের খুনি যুদ্ধ-অপরাধী
জনতার আদালতে ফাঁসি তার রায়
খুনির ঘোচে না পাপ রাজার ক্ষমায়

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।