কবিতা

গ্রিনরোড

একদিন কুলিরোড ছিলে।
হাঁটু অব্দি ডোবানো ধুলোয় ছিলে এক নির্জন তাপস।
অড়হরখেতে একদিন দেখেছিলাম তরুণ খরগোশ
যেন কোন প্রাকৃতিক নিবিড় নিখিলে
বিদ্যুচ্চমক তুলে মিশে গিয়েছিলো মটরশুঁটির খেতে।
লাল-কালো কুঁচফল পেড়েছি একদিন সান্দ্র ঝোপ থেকে
দেখেছি ধানখেত, কামময়, গভীর খোড়ল, কৈশোরক নিরুদ্বেগে,
কৌতূহলে। তারপর সপ্তর্ষির নৈশ সংকেতে

আমগাছ জামগাছ কাঁঠালগাছের শ্যাম
ক্রমাগত মুছে মুছে উঠে আসছে তরুণ বিল্ডিং,
নিভে যাচ্ছে ঘাস, উবে যাচ্ছে নিবিড় বৃষ্টির দিন;
তবু তোমাকে কেন্দ্র রেখে একদিন ঝরেছে যে-পাতার শিকল
ধরিত্রীরই কোনোখানে যে-সব রয়েছে অবিকল–
অনশ্বর, অবিচ্যুত, স্বপ্নবিদ্ধ, নির্লিপ্ত, সকাম ।

আব্দুল মান্নান সৈয়দ
আব্দুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দ (৩রা আগস্ট, ১৯৪৩ - ৫ই সেপ্টেম্বর, ২০১০) বাংলাদেশের একজন অগ্রগণ্য আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। পঞ্চাশ বছরেরও অধিক সময় ধ'রে বাংলা সাহিত্যকে নানান দিকে দিয়ে ঋদ্ধ করেছেন। তবে ঊনিশ শতকের ষাট দশকে আবির্ভূত অন্যতম কবি হিসেবে তিনি সচরাচর অভিহিত। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা, নাটক ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় সুপ্রসার ও সুগভীর অবদান রেখেছেন। তিনি বহুমুখী প্রতিভার অনন্যসাধারণ শিল্পী। রবীন্দ্রোত্তর কালে বাংলা সমালোচনা-সাহিত্যে তাঁর অবদান তুলনারহিত। কবি জীবনানন্দ দাশ এবং কবি কাজী নজরুল ইসলামের ওপর তাঁর গবেষণা প্রবাদপ্রতীম। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। জন্মসূত্রে তাঁর নাম সৈয়দ আবদুল মান্নান। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম "পোয়েট ইন রেসিডেন্স"।
http://www.olpokotha.com/author/abdul-mannan-sayed