কবিতা

সৌর সুনামি

সূর্য ভেঙে ভেঙে তৈরি হচ্ছে বলয়
আলো লয় পেয়ে পেয়ে নতুন আলো

না, আঁধার নেই, নেই কোনো ক্ষয়
পিতা সূর্যটা পৃথিবীর জন্যে এতো ভালো

হিউস্টন ধরে রাখলো টেলিস্কোপ
তার অগ্রডগায় মিলেনিয়াম টোপ

ভাঙছে আলোর ঢেউ, দশ কোটি বছর পর
সেই ঢেউ জ্বালিয়ে দিচ্ছে বাবুই পাখির ঘর

ভবিষ্যতের সেই সৌর সুনামি
দেখবো না আমি

আমি দেখবো তোমার মুখে চাঁদ সুরুজের যুগল আলো
পিতা সূর্য কন্যা চন্দ্র পৃথিবীর জন্যে এতো ভালো
১৫-৮-২০১০

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।