কবিতা

ভ্রূণ

যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
সে ইচ্ছে করলেই একঝাঁক তুলতুলে শিশুকে কুয়োর কাছে
ডেকে এনে আচমকা ধাক্কা দিতে পারে।
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
সে বাগানের সমস্ত গোলাপ গাছ উপড়ে ফেলতে পারে
স্নানের পুকুরে নামাতে পারে অসংখ্য হাঙর।
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
বিশাল জনসভায় সে শখ করে ছেড়ে দিতে পারে একলক্ষ বিষধর সাপ।
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে
মিছিলের সকল মানুষের জিহ্বা সে কেটে নিতে পারে,
নাগাড়ে পৃথিবীর সকল নারীকে ধর্ষণ করতে পারে
সে বড় আহ্লাদ করে জ্বালাতে পারে ঘরবাড়ি
গ্রাম, এক গ্রাম থেকে অন্য গ্রাম।
তুমি আমার ভ্রূণ নষ্ট করেছ
তুমি আমার সকল আনন্দ ও সুন্দরের গালে থাপ্পর মেরেছ।
আমার জন্য এই শহরে একটি আদালত ও নেই
যে আমি বিচার দেব।

তসলিমা নাসরীন
তসলিমা নাসরীন
তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট, ১৯৬২) বাংলাদেশের একজন সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তাঁর রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়েন ও তাঁদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন;তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।