কবিতা

রবীন্দ্র-তুরুপ

তোমাকে মাদুলি করে পরেছি গলায়,
সকালে গিয়েছি আজ বকুলতলায়;
শিথানে
গীতবিতানের পাতা খুলে
তোমাকে নকল করি চলায় বলায়।

তুমিও তো শিষ্য ছিলে পোষ্য ঋষিদের;
তারপর নিজেই নিজের তুমি আলখেল্লা-গুরু;
লালকেল্লাবাসী তিরিশের তরুণেরা
যদিও দেখিয়ে দিলো মেরিলিন উরু;
স্বীকারে ও অস্বীকারে
তোমাকে করতে চায় সকলেই শুরু।

কী তোমার সরলতা
কী তোমার দুর্বলতা
এই নিয়ে চলছে বাহাস :
তুমি আজো বাঙালির তুরুপের তাস।

তকমাধারীরা কেউ
খুলে ফেলে চশমা তোমার :
সমুদ্রের বুকে ওরা সমুদ্রের ঢেউ;
ওরা কেউ কালিদাস, ওরা কেউ হরিদাস,
কেউ-বা হোমার।
০৮.০৫.২০১৬

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।