কবিতা

দশদিগন্তগামী

অনবরত
বদলে যাচ্ছে
যাওয়া,
আমি আদম,
আমি আমার হাওয়া।

অনবরত বদলে যাচ্ছে তনু,
আমি মনু, আমি মনুর অণু।

অনবরত বদলে যাচ্ছে ঘ্রাণ,
আমি কুরু, আমি ক্ষেত্র, আমিই পরিত্রাণ।

এলেই যদি, যাচ্ছো কোথায় ফের?
বাড়ির পরে বাড়ি আমার ঢের।

হাতেপায়ে
নেই জুতো,
দস্তানা।
আসছি আমি, যাচ্ছি আমি,
দশদিগন্তগামী;
আমিই আমার
ট্রেন-ঠিকানা,
আমিই আস্তানা।

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।