কবিতা

এখনও তুমি

ভালবাসা বলতে এখনও তোমাকেই বুঝি
ঘৃণা বলতে এখনও তোমাকেই
সংসার বলতে এখনও তোমাকে বুঝি
সুখ বলতেও আমি এখনও তোমাকে।

কতটুকু পশু আছে, কতটা হিংস্রতা
কতটা দানব থাকে একজন মানুষের দেহে
তোমাকে আমুল ছুঁয়ে-ছেনে আমি সমস্ত জেনেছি
তোমার ত্বকের নীচে কতটুকু ক্লেদ, কতটা ধূর্ততা
চোখের তারায় তুমি কতটা লুকোও পাপ
শরীরের ঘ্রাণ শুঁকে শুঁকে আমি সকল বুঝেছি।

স্বপ্ন বলতে এখনও তোমাকেই বুঝি
কষ্ট বলতে এখনও তোমাকেই।

চুম্বনে তোমার লালা থেকে চুষে নিই সংক্রামক ব্যাধি,
তোমাকে আরোগ্য করি
তোমাকে শুশ্রূষা করি
তোমাকে নির্মাণ করি আমার বিনাশে।
জীবন বলতে এখনও তোমাকে বুঝি
মৃত্যু বলতেও আমি এখনও তোমাকে।

তসলিমা নাসরীন
তসলিমা নাসরীন
তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট, ১৯৬২) বাংলাদেশের একজন সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তাঁর রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়েন ও তাঁদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন;তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।