কবিতা

দাঁড়াও বা না-দাঁড়াও

দাঁড়াও বা না-দাঁড়াও
মৃত্যু ঠিকই দাঁড়িয়ে আছে তোমার জন্যে।
তুমি কে? তুমি কি কেউ না?
তাহলে আমিও কেউ না।

দৌড়ুতে দৌড়ুতে আমরা যেখানে যাচ্ছি
হাঁপাতে হাঁপাতে আমরা যেখানে পা রাখছি
সেখানে না গর্ত, না বাড়ি_
আমরা কিছুই পাড়ি দিচ্ছি না, কিছুই না;
আমাদের সামনে দাঁড়িয়ে নেই কোনো গাড়ি।

কোথায় যাবে?_যাবো না।
কোথায় থামবে?_থামবো না।

আমরা পরস্পরকে পরখ করবো
আমরা পরস্পরের ভেতর সমাহিত হবো।
১৫.৮.২০১০

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।