কবিতা

বাংলাদেশ চায় না তোমাকে

বাংলাদেশ চায় না তোমাকে, তুমি চলে যাও, যাও
কত যে মায়ের খালি বুক ফেলে দীর্ঘশ্বাস_
রক্ত মাখা হাত, তুমি ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও।
তোমাকে চায় না এই সোনালী ধানের খেত, কচি দূর্বা, দীর্ঘ শালবন
চায় না ভোরের পাখি, কলা পাতা, গায়ের উঠোন;
কত না পিতার বক্ষে তুমি জ্বেলেছ আগুন
তুমি চলে যাও, যাও;

তোমাকে চায় না এই ফুটপাথ, এভিনিউ ও উদ্যাম ফোয়ারা
তোমাকে চায় না এই জনসভা, মিছিল, মানুষ
তোমাকে চায় না কেউ, রাজপথ, লেন, বস্তি, ব্যস্ত টার্মিনাল
কত বধূর তুমি মুছেছ মেহেদীর রঙ, সিঁথির সিঁদুর
তুমি চলে যাও, যাও;

তোমাকে চায় না এই শিশুপার্ক, রমনার সবুজ উদ্যান
তোমাকে চায় না এই বটমূল, পহেলা বৈশাখ
তোমাকে চায় না এই কৃষ্ণচূড়া, শহীদ মিনার
কত অবুঝ শিশুকে তুমি করেছ অনাথ,
তুমি চলে যাও, যাও;

তোমাকে চায় না এই বইমেলা, কবিতা উৎসব
তোমাকে চায় না কোন দুখিনীর পর্ণকুটির,
তোমাকে চায় না এই বাংলাদেশ, নকশী কাঁথা, পদ্মার ইলিশ
তোমাকে চায় না এই শান্ত দীঘি, রাখালের বাঁশি
কত সুখের সংসার তুমি করেছ বিরান,
তুমি যাও, চলে যাও;

তোমাকে চায় না দেখ নজরুলের বিদ্রোহী কবিতা,
তোমাকে চায় না দেখ পদ্মপাতা, শাপলা দোয়েল
তোমাকে চায় না এই সিংহাসন, সংবিধান, জাতীয় সঙ্গীত
তোমাকে চায় না এই মানচিত্র, জাতীয় পতাকা
তুমি চলে যাও, দেশ ছেড়ে যাও।

মহাদেব সাহা
মহাদেব সাহা
(জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি।১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী।তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি। কাব্যগ্রন্থ এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২), মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা, কী সুন্দর অন্ধ, তোমার পায়ের শব্দ, তবু স্বপ্ন দেখি, সোনালী ডানার মেঘ, পৃথিবী তোমাকে আমি ভালোবাসি, কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু,, শুকনো পাতার স্বপ্নগাঁথা, দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই, দুঃখ কোন শেষ কথা নয়, ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময়, লাজুক লিরিক-২, দূর বংশীধ্বনি, অর্ধেক ডুবেছি প্রেমে - অর্ধেক আধারে, কালো মেঘের ওপারে পূর্ণিমা, সন্ধ্যার লিরিক ও অন্যান্য, মহাদেব সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) - ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড, মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন), প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত একশ (কাব্য-সংকলন), প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন), প্রবন্ধ আনন্দের মৃত্যু নেই মহাদেব সাহার কলাম কবিতার দেশ ও অন্যান্য ভাবনা মহাদেব সাহার নির্বাচিত কলাম শিশুসাহিত্য টাপুর টুপুর মেঘের দুপুর ছবি আঁকা পাখির পাখা আকাশে ওড়া মাটির ঘোড়া সরষে ফুলের নদী আকাশে সোনার থালা মহাদেব সাহার কিশোর কবিতা পুরস্কার ও সম্মাননা --------------------------------- মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।