কবিতা

মৃত্যুস্বপ্ন

যে আছে জলের ধারে সারাদিন শুয়ে, তার নাম
নিরাশা__আমার স্বপ্নে দেখা
রাজকন্যা সে-ই, সে-ই মৃত্যুর বান্ধবী
কয়েকটি দিনের জন্য সে বলল আমাকে
এবারের মতো আমি তোমাকে করুণা করলাম
মাঠের ওপার দিয়ে ট্রেন চলে যায়, তার
সারা গায়ে দাউদাউ আগুন

স্বপ্ন ভেঙে উঠে বসি, যে আছে আমার সামনে
যে আছে জলের ধারে সারাদিন শুয়ে, তার নাম
পিপাসা,__আমার গলা শুকিয়ে চিৎকারে প্রার্থনায়
ফেটে রক্ত পড়ে__তবু এতটুকু জল
সে ছুঁতে দিচ্ছে না, তার ভয়
তেষ্টা মিটে গেলে যদি অপরের কাছে চলে যাই!

জয় গোস্বামী
জয় গোস্বামী
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক । জীবনী: জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।