কবিতা

পাখিদের জয়গান

তারপরও তোমরা যারা বলো কি সুন্দর শান্ত নিরিবিলিতে
আমার বসবাস; ডাকি আমি তোমরা কি শুনতে পাও না
আশপাশের পাখিরা পর্যন্ত কি সুন্দর উদযাপন
করে চলেছে সারাক্ষণ কলরবমুখর কিচিরমিচির রব তুলে
বিভোর সঙ্গীত নৃত্যপর ছন্দে এ-ডাল ও-ডাল
তারপরও কি তোমরা বলবে আমার বসবাস শান্তিনিকেতনে
তবে এতই নিথর আর শান্ত যে তোমরা যারা ভালোবাসো সঙ্গীত
একমাত্র তারাই হতে পারো আমার যথার্থ অতিথি!
এই গৃহকোণ কি এতই শান্তনিথর, তোমরা যেরকম বলো
যেমন প্রত্যহ আমি স্বপ্ন দেখি সরব পাখিদের জয়গান,
উঁচু পর্দার গান আর গান।

বেলাল চৌধুরী
বেলাল চৌধুরী
জন্ম: ১২ নভেম্বর ১৯৩৮। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙ্গালী কবি যাকে ষাট দশকের সঙ্গে চিহ্নিত করা হয়। তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসাবেও খ্যাতিমান। তাঁর জন্ম ১৯৩৮ সালের ১২ই নভেম্বর বাংলাদেশের ফেনী উপজেলার অন্তর্গত শর্শদি গ্রামে। তাঁর পিতা রফিকউদ্দিন আহমাদ চৌধুরী ও মা মুনীর আখতার খাতুন চৌধুরানী। তিনিঁ দীর্ঘকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস কর্তৃক প্রকাশিত ভারত বিচিত্রা পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।