কবিতা

তমসা নদীর তীরে

দিন আসে, দিন যায়। গড়াতে-গড়াতে দিন যায়।
রাত্রি আসে, রাত্রি যায়। সপ্তা, মাস, ক্রমিক ঋতুর
অবিরল রেলোয়ে চলেছে। শুধু আমি জন্মহীন মৃত্যুর
দিকে যাচ্ছি, অনিবারণীয়। পর-পর মলিন ও উজ্জ্বল আভায়

ভ’রে যাচ্ছে চারপাশ। কেবল আমারই অর্কেস্টার সাত সুর
নিভে আসছে সময়ের তীক্ষ্ম আঁচড়ে।
কখন অজ্ঞাতে একটি-দুটি রুপা জাগছে চুলের শিখরে।
কিন্তু গাছে-গাছে ঘুরে-ঘুরে আসে যায় সবুজ, পাণ্ডুর।

অভিনীত হ’তে থাকে বাংলার মাঠ ভ’রে ঘাস।
রক্ত-লাল হয়ে যায় সূর্যাস্তের পশ্চিম আকাশ।
আবৃত্তি-পুনরাবৃত্তি চলতে থাকে শ্রাবণের আচ্ছন্ন বৃষ্টির,
কবি আর চিত্রীর দৃষ্টির।
এর মধ্যে আমি কে? আমি কী?
তমসা নদীর তীরে কেঁদে-ওঠা ক্রৌঞ্চ না বাল্মিকী?

আব্দুল মান্নান সৈয়দ
আব্দুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দ (৩রা আগস্ট, ১৯৪৩ - ৫ই সেপ্টেম্বর, ২০১০) বাংলাদেশের একজন অগ্রগণ্য আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। পঞ্চাশ বছরেরও অধিক সময় ধ'রে বাংলা সাহিত্যকে নানান দিকে দিয়ে ঋদ্ধ করেছেন। তবে ঊনিশ শতকের ষাট দশকে আবির্ভূত অন্যতম কবি হিসেবে তিনি সচরাচর অভিহিত। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা, নাটক ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় সুপ্রসার ও সুগভীর অবদান রেখেছেন। তিনি বহুমুখী প্রতিভার অনন্যসাধারণ শিল্পী। রবীন্দ্রোত্তর কালে বাংলা সমালোচনা-সাহিত্যে তাঁর অবদান তুলনারহিত। কবি জীবনানন্দ দাশ এবং কবি কাজী নজরুল ইসলামের ওপর তাঁর গবেষণা প্রবাদপ্রতীম। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। জন্মসূত্রে তাঁর নাম সৈয়দ আবদুল মান্নান। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম "পোয়েট ইন রেসিডেন্স"।
http://www.olpokotha.com/author/abdul-mannan-sayed