কবিতা

বৃষ্টি ছড়িয়ে পড়ছে কাছে এবং দূরে

বৃষ্টি ছড়িয়ে পড়ছে কাছে এবং দূরে
মোটা দানার বৃষ্টি
আমি গন্ধ পাচ্ছি তোমার হাতে আমার হাত রেখে,
যেন চোখের পানি
বৃষ্টির সঙ্গে লড়াই চোখের পানির
আমি কান্না দেখছি এবং শুনছি চতুর্দিকে,
খালি গায়ে দেবদূতরা ঘুরছে
গাছের শিকড়ে পানি দেওয়া দেখছে,
বৃষ্টি আসুক ঝড় যেন না আসে
একটা দীর্ঘ কবিতার লাইনের মতো বৃষ্টির শব্দ,
মহিলারা চুল উড়িয়ে দিয়ে
ইতিহাসের দিকে চেয়ে আছে
তাদের চোখে কিংবদন্তি,
বৃষ্টি এবং পানি এবং খালি গায়ের দেবদূত
গাছের শিকড়ে পানি দেখে দেখে দেবদূতরা ঘুরছে
মহিলারা চুল উড়িয়ে দিয়ে দেবদূতদের দেখছে।
দেবদূতরা বার্তার নিয়ে আসবে।
ভালোবাসার মানুষগুলি : আমি এবং তুমি
দেবদূতদের বার্তার জন্য বসে আছি।
আজ এবং আগামীকাল এবং আগামীকালের পরের দিনে
নিশ্চয়ই বার্তা আসবে।
এখন শুধু বৃষ্টি, এখন শুধু কান্না, এখন শুধু রোদন,
এখন শুধু দীর্ঘশ্বাস।

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
জন্মঃ ১৯৩৬) বাংলা সাহিত্যের প্রবল পুরুষদের সমান্তরালে শিল্পসাহিত্যের জাগরণ চিহ্নিত করার অফুরন্ত প্রয়াস খুঁজে পেয়েছেন বাংলা সাহিত্যের নিরিখে এবং সাহিত্যের শিল্পের দৈশিক ও আন্তর্জাতিক পরিসরে। গদ্য, কবিতা ও শিল্পতত্ত্বে তাঁর সমান দক্ষতা। শিল্পকলা বিষয়ক তাঁর গ্রন্থের সংখ্যা ১১টি। বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ড. জাহাঙ্গীর অধ্যাপনা করেছেন সিরাকিউজ, প্যারিস, অক্সফোর্ড, সাসেক্স, কনস্‌টানজ, টোকিয়ো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি অধ্যাপনা থেকে অবসর নিয়ে পরিচালনা করছেন সমাজ নিরীক্ষণ কেন্দ্র। তাঁর সম্পাদনায় কেন্দ্র থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে দু’টি জার্নাল - দি জার্নাল অব সোশাল স্টাডিজ ও সমাজ নিরীক্ষণ। সম্প্রতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে জাহানারা ইমাম স্মৃতিপদকে। নিরন্তর তিনি ভ্রমণ করেছেন দেশের ভিতরে ও বাইরে। প্রকাশিত বইয়ের সংখ্যা ষাটের ওপরে।