কবিতা

দখলীস্বত্বের বাড়ি

সেতুকে ওপরে রেখে নদী বয়ে যায়।

নদীকে গভীরে রেখে সেতুদের আড়ি।

তাই কি জলের সঙ্গে স্রোত দাঁড় বায়?

দ্বীপ-চরে বেড়ে ওঠে একাকিনী বাড়ি।

বাঁকা জল আঁকা জল, মাঝখানে বাড়ি।

গৃহস্থের চালাবাড়ি, হে নগরবাড়ি!

আড়ালে ঘুমটো-মুখ, হে ব-দ্বীপবাড়ি।

দখলীস্বত্বের বাড়ি, খুব দরকারি।

ভিটি ছেড়ে মাটি ছেড়ে মাঝি গলা ছাড়ে।

সাঁতরায় ডিঙিনৌকা। গাঙ দেয় পাড়ি।

দখলীস্বত্বের বাড়ি, খুব দরকারি।

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।