কবিতা

দুঃখ

রিকশাচালকের দুঃখ মদ খেলে বউ রাগ করে
বাড়িওয়ালাটির দুঃখ ভাড়াটে উঠতে চাইছে না
স্ত্রীর দুঃখ স্বামী অমানুষ
পার্টির ছেলের দুঃখ আমার আগে এই চাকরি ও কী করে পায়
দুর্গা প্রতিমার দুঃখ যত্ন করে চোখ আঁকল না কারিগর

আমার দুঃখটি হল কাক। পাঁচিলে বসার জায়গা, ভোরে—
পাশের দোতলা ঘরে নাইট ডিউটি করে এসে
যে শুয়েছে, তার ঘুমের দফারফা করে তারস্বরে।
আমার দুঃখটি সেই ছেই-ছেই হেট-হেট কাক।

কাল সারারাত বৃষ্টি। আজকে সকালে দেখি বৃষ্টিভেজা ঘাসের ওপরে
আমার দুঃখটি মরে পড়ে আছে ডানা ছেতরে, ঠোঁট ফাঁক করে।

জয় গোস্বামী
জয় গোস্বামী
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক । জীবনী: জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।