কবিতা

রাত্রি

রাত্রি যতো বাড়তে থাকে, ততো আত্মমগ্ন হ’তে থাকি।
ততোই সুড়ঙ্গ কেটে যেতে থাকি নিজের ভিতরে।
হারানো টুকরোগুলো খুঁজে পাই। ততোই একাকী।
আত্মা অব্দি কেঁদে ওঠে অদ্ভূত করুণ কন্ঠস্বরে।

আশ্চর্য মধুর শব্দে হেসে ওঠে।
কিন্তু জানি, পৃথিবীতে হাসা অসম্ভব।
হাসি আনন্দের জন্যে নয়__প্রকৃতির চলিষ্ণুতায় ফুল ফোটে।
রাত্রি যতো বাড়তে থাকে, হ’তে থাকি গভীর নীরব।
___কেন জন্ম হয়েছিলো? তুমি এই ঘাস, তারা, রাত্রির মতোই?
একবিন্দু আলো জ্বেলে পাড়ি দেবে ভুবন অথই?
অসম্ভব। তবে কেন আশৈশব পথ ক’রে চলেছে চেতনা?

না, হেসো না।
পৃথিবীতে হাসা অসম্ভব।
বরং রাত্রির মতো সারা রাত্রি জেগে থাকো গভীর নীরব।।

আব্দুল মান্নান সৈয়দ
আব্দুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দ (৩রা আগস্ট, ১৯৪৩ - ৫ই সেপ্টেম্বর, ২০১০) বাংলাদেশের একজন অগ্রগণ্য আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। পঞ্চাশ বছরেরও অধিক সময় ধ'রে বাংলা সাহিত্যকে নানান দিকে দিয়ে ঋদ্ধ করেছেন। তবে ঊনিশ শতকের ষাট দশকে আবির্ভূত অন্যতম কবি হিসেবে তিনি সচরাচর অভিহিত। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা, নাটক ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় সুপ্রসার ও সুগভীর অবদান রেখেছেন। তিনি বহুমুখী প্রতিভার অনন্যসাধারণ শিল্পী। রবীন্দ্রোত্তর কালে বাংলা সমালোচনা-সাহিত্যে তাঁর অবদান তুলনারহিত। কবি জীবনানন্দ দাশ এবং কবি কাজী নজরুল ইসলামের ওপর তাঁর গবেষণা প্রবাদপ্রতীম। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। জন্মসূত্রে তাঁর নাম সৈয়দ আবদুল মান্নান। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম "পোয়েট ইন রেসিডেন্স"।
http://www.olpokotha.com/author/abdul-mannan-sayed