কবিতা

ক্যালগেরি

আমার জন্ম বাংলাদেশে কিন্তু বার্লিন একদিন আমি খুব
পছন্দ করেছিলাম,
বার্লিনই আমার প্রথম দেখা পশ্চিম
প্রথম প্রেমের মতো প্রথম দেখা সব কিছুই সুন্দর,
বার্লিন, তোমাকে আমি ভুলিনি;
আমার এখনো মনে পড়ে তোমার মেয়েদের
শীতকাল
শীতের উদ্ভিদের মতো মসৃণ ঊরু, উষ্ণ ঠোঁট
লাল গণ্ডদেশজুড়ে পাকা আপেলের মাদকতা,
আমি সেসব কিছুই ভুলিনি, তোমার অশ্রু, তোমার ভালোবাসা
তোমার ব্যাকুলতা।

এরপর আরো কত শহর ঘুরেছি আমি, উত্তরের পুবের
রাশিয়ায় বার্চবনের লুকোচুরি কিংবা টেমসের
মাতাল করা জলস্রোত
আমি টেমস থেকে ভাসতে ভাসতে পদ্মা মেঘনা
মিসিসিপিতে গিয়ে উঠেছি;
তারপর দক্ষিণ আমেরিকা থেকে উড়তে উড়তে উত্তর আমেরিকার
এই তুষারভূমিতে আমি কখন যে নেমে পড়েছি।

এই ক্যালগেরি শহর এই দিগন্তজোড়া খোলা আকাশ
বো নদীর এই আঁকাবাঁকা পথ, এই বনাঞ্চল,
এই পাহাড়রাজ্য
কত হাজার বছর ধরে তোমরা আমার এত প্রিয় হয়ে
ছিলে,
তোমাদের জন্য কবে পাগল হয়েছিল আমার মন
আমি হয়তো তার কিছুই জানি না;

তোমার এই শিনুক, তোমার এই সেরেনাদ, তোমার
এই তুষারকল্লোল
মনে হয় আমি অনন্তকাল থেকে তোমার
এই কান্না শুনছি;
তোমার চোখের জল, তোমার হাতের শিশির, তোমার
মুখের ঘ্রাণ
আমি একাকী আহরণ করেছি;
ক্যালগেরি, বলো কখন আমায়
বাসলে এত ভালো,
তোমার চোখে তোমার মেঘে কোন পূর্বজন্ম
আমার এভাবে চমকাল?

মহাদেব সাহা
মহাদেব সাহা
(জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি।১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী।তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি। কাব্যগ্রন্থ এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২), মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা, কী সুন্দর অন্ধ, তোমার পায়ের শব্দ, তবু স্বপ্ন দেখি, সোনালী ডানার মেঘ, পৃথিবী তোমাকে আমি ভালোবাসি, কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু,, শুকনো পাতার স্বপ্নগাঁথা, দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই, দুঃখ কোন শেষ কথা নয়, ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময়, লাজুক লিরিক-২, দূর বংশীধ্বনি, অর্ধেক ডুবেছি প্রেমে - অর্ধেক আধারে, কালো মেঘের ওপারে পূর্ণিমা, সন্ধ্যার লিরিক ও অন্যান্য, মহাদেব সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) - ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড, মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন), প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত একশ (কাব্য-সংকলন), প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন), প্রবন্ধ আনন্দের মৃত্যু নেই মহাদেব সাহার কলাম কবিতার দেশ ও অন্যান্য ভাবনা মহাদেব সাহার নির্বাচিত কলাম শিশুসাহিত্য টাপুর টুপুর মেঘের দুপুর ছবি আঁকা পাখির পাখা আকাশে ওড়া মাটির ঘোড়া সরষে ফুলের নদী আকাশে সোনার থালা মহাদেব সাহার কিশোর কবিতা পুরস্কার ও সম্মাননা --------------------------------- মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।