কবিতা

আমরা আমাদের কাছে আশ্চর্য

তুমি বলো : কেন আমরা ভালোবাসতে পারি না
কেন আমাদের ভালোবাসা নিরাপদ না,
আমি আকাশের দিকে চেয়ে মৌন হয়ে থাকি।

তুমি তো আমাকে হাত ভরে দাও
আমিও তো তোমাকে হাত ভরে দিই

আমাদের ভেতরে ভালোবাসার মঞ্জরি ফুটতে থাকে
আস্তে আস্তে,
যেমন আস্তে আস্তে আকাশ ফুটতে থাকে
তোমার শরীরে
যখন তুমি বেড়িয়ে ফেরো,

আমি বহুদূর থেকে তোমার ফুটে ওঠা বুকে ভরে নিই।

জানি গোয়েন্দারা আমাদের পিছু পিছু ঘোরে
ভালোবাসার জোরের কাছে তারা হার মানে

আমি তোমাকে বুকে ভরে সযত্নে জীবনযাপন পার হই,
কফির কাপে চুমুক দিয়ে তুমি বলো : এই ভালো
একসঙ্গে বেঁচে থাকা ভালো,
আমি তোমার হাত ধরে আশ্চর্যের দিকে তাকিয়ে থাকি
দিনের পর দিন।

তখন আমার দিন ফুরিয়ে যাবে
তখন তোমার বুকে আমাকে আগলে রেখো
যাতে আমার মৃত্যু না হয়,

আমরা আমাদের কাছে আশ্চর্য।

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
জন্মঃ ১৯৩৬) বাংলা সাহিত্যের প্রবল পুরুষদের সমান্তরালে শিল্পসাহিত্যের জাগরণ চিহ্নিত করার অফুরন্ত প্রয়াস খুঁজে পেয়েছেন বাংলা সাহিত্যের নিরিখে এবং সাহিত্যের শিল্পের দৈশিক ও আন্তর্জাতিক পরিসরে। গদ্য, কবিতা ও শিল্পতত্ত্বে তাঁর সমান দক্ষতা। শিল্পকলা বিষয়ক তাঁর গ্রন্থের সংখ্যা ১১টি। বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ড. জাহাঙ্গীর অধ্যাপনা করেছেন সিরাকিউজ, প্যারিস, অক্সফোর্ড, সাসেক্স, কনস্‌টানজ, টোকিয়ো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি অধ্যাপনা থেকে অবসর নিয়ে পরিচালনা করছেন সমাজ নিরীক্ষণ কেন্দ্র। তাঁর সম্পাদনায় কেন্দ্র থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে দু’টি জার্নাল - দি জার্নাল অব সোশাল স্টাডিজ ও সমাজ নিরীক্ষণ। সম্প্রতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে জাহানারা ইমাম স্মৃতিপদকে। নিরন্তর তিনি ভ্রমণ করেছেন দেশের ভিতরে ও বাইরে। প্রকাশিত বইয়ের সংখ্যা ষাটের ওপরে।