কবিতা

বেশ তো, বেশ তো

কেন হাসলাম? কেন ধীর গতি তরঙ্গে এলাম?
কেন পাল্টামার? কেন চুড়ান্ত সাগর ফসকে যায়?
কেন মধুনাশ? কেন মক্ষিকায় পোড়ানো জীবন?
কেন পিছু ধাওয়া? কেন খুঁজে পাওয়া জলমগ্ন গ্রাম?

বেশ তো, বেশ তো, বেশ! তোমাকে আশ্বস্ত করলাম।

কেন বা বোনের বন্ধু? কেনই বা বন্ধুদের বোন?
কেন সন্ধ্যে হওয়া? কেন বাঁকা পথে মারকাটারি চোখ?

কেন মহিলায় লিপ্ত ষোল বছরের নাবালক?
কী দারুন মাথা খাওয়া, ও ভারী শরীরে তুলকালাম।

অ্যাইয়ো, অ্যাইয়ো, চোপ! তোমাকে সাবধান করলাম?

জয় গোস্বামী
জয় গোস্বামী
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক । জীবনী: জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।