কবিতা

হেমন্তে সোনালি ডিম

হেমন্তে সোনালি ডিম ভাসমান দ্বীপ-সোনাদিয়া
পুবে চন্দ্র, পশ্চিমে ডুবন্ত সূর্য, দরিয়া-দুনিয়া
হাজার পাখির ডানা আকাশকে করে না আড়াল
উদোম সাঁতারপটু মাছেদেরও নেই আবডাল
বালিগুলি উড়ে উড়ে ঢিবি-স্তন, ঢালু উপত্যকা
তরঙ্গ সুড়ঙ্গমুখী, পর্দাহীনা, লাল কাঁকড়ার সখা
ঝাউডানা সাঁতরায় দিনে-রাতে রোদে, জোছনায়
প্রজাপতিবন জুড়ে মানুষ ও মানুষীর ছায়ারা শুকায়
হেমন্তে দরিয়া হাসে, দূরে-কাছে ভাসে আদিনাথ
অনাতিশীতোষ্ণ তার সুখদুখ, রূপচান্দা, ফেনিল করাত
মানুষ, তুমি কি যাবে পূর্ণিমায় মানুষীর খুব কাছাকাছি?
এসো, ঘাসফড়িঙের বুকে যুগলাঙ্গ ছায়া হয়ে বাঁচি।

মুহম্মদ নূরুল হুদা
মুহম্মদ নূরুল হুদা
মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সত্তর দশকের একজন আধুনিক কবি , একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তাঁর জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলায়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।