কবিতা

সংসার আমাকে স্বীকৃতি দিলো না

সংসার আমাকে স্বীকৃতি দিলো না, আমাকে
নিলো না কোনো সভা, সংঘ, সংগঠন
আমি এই ঘাসের উপরে অস্থির শিশির বিন্দু, ঝরা ফুল
রাষ্ট্র বা রাষ্ট্রসংঘ কেউ আমাকে নেয় না
এই জলের বুদবুদ আমি, সংসারের ধুলো
আমার কণ্ঠভরা নেই কোকিলের গান, নদীর কল্লোল।

আমি তোমাদের মাঝে থেকেও বাইরের অচেনা
মানুষ
অজ্ঞাত অজানা লোক,
আমার দুই হাতে শুধু কলঙ্কের কালি
আমি কাঁপা কাঁপা পায়ে ভীত অপ্রস্তুত একটি বালক;

এই সভা,সংগঠন,সংসার আমাকে
নিলো না
কারো সাথে আমার কিছু মিললো না, আমি দলছুট,
বেমানান, বেখাপ্পা, বেঢপ
আমি কোন ধু-ধু পাথারের দীর্ঘশ্বাস, ভাঙ্গা
বেহালার শব্দ
আমি গোলাপ তুলতে গিয়ে মুঠি ভরে তুলি শুধু
কাঁটা
ভরা বর্ষায়ও আমি খর চৈত্র, শুষ্ক ডাল
আমি তোমাদের চেয়ে নিম্নমান, নিম্নমেধা
অপরের খেত খোলা চাষ করি বর্গাচাষী,
তোমাদের এত জোৎস্না
আমার দুইটি হাত ভরা শুধু অন্ধকার, অন্ধকার।

মহাদেব সাহা
মহাদেব সাহা
(জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি।১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী।তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি। কাব্যগ্রন্থ এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২), মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা, কী সুন্দর অন্ধ, তোমার পায়ের শব্দ, তবু স্বপ্ন দেখি, সোনালী ডানার মেঘ, পৃথিবী তোমাকে আমি ভালোবাসি, কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু,, শুকনো পাতার স্বপ্নগাঁথা, দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই, দুঃখ কোন শেষ কথা নয়, ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময়, লাজুক লিরিক-২, দূর বংশীধ্বনি, অর্ধেক ডুবেছি প্রেমে - অর্ধেক আধারে, কালো মেঘের ওপারে পূর্ণিমা, সন্ধ্যার লিরিক ও অন্যান্য, মহাদেব সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) - ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড, মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন), প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত একশ (কাব্য-সংকলন), প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন), প্রবন্ধ আনন্দের মৃত্যু নেই মহাদেব সাহার কলাম কবিতার দেশ ও অন্যান্য ভাবনা মহাদেব সাহার নির্বাচিত কলাম শিশুসাহিত্য টাপুর টুপুর মেঘের দুপুর ছবি আঁকা পাখির পাখা আকাশে ওড়া মাটির ঘোড়া সরষে ফুলের নদী আকাশে সোনার থালা মহাদেব সাহার কিশোর কবিতা পুরস্কার ও সম্মাননা --------------------------------- মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।