কবিতা

রাত্রি, গোলপার্ক

সে যদি আমার শিশু হত?

আটখানা-একটাকা-সিকি চারদিকে ছড়িয়ে
ঘুমিয়েছে ফুটপাথে চটের ওপর
গায়ে একটা ছেঁড়াফাটা কাপড় কে চাপা দিল? মা কোথায়, ওর?

আজকে ৩১/৩২__রাত ১০টা। কিছুক্ষণ পর
এ ফুটপাথে পা রাখবেন নতুন বছর।
তার আগেই শীত ওকে মেরে ফেলবে না তো?

বাইক মারুতি সুমো, দুল পরা ছেলে আর শিস দেওয়া তরুণী ময়ূর
উড়ে পার হয় ফ্লাইওভার

আর আমিও দ্রুত পায়ে পার হতে থাকি ওকে সকালে দুপুরে রাত্রে
এ রাস্তায় ও রাস্তায় বছরে তিনশো ষাট বার

সাহস হয় না আর কবিতা লেখার

জয় গোস্বামী
জয় গোস্বামী
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক । জীবনী: জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।