কবিতা

ইসরাফিলের জ্বর হয়েছে

ইসরাফিলের জ্বর হয়েছে, জিবরাইলের কাশি
মুনকার আর নাকির গেছে হুরের নিমন্ত্রণে
আল্লাহতায়ালা তালি দিচ্ছেন, ফেরেশতারা নেই

শিঙায় আবার জং ধরেছে, জং সারাবার
মিস্ত্রি এসে নাটবল্টু খুলে
উপুড় করে ঢেলে দিচ্ছে সয়াবিনের ড্রাম
জাহান্নামের সাপ ওদিকে খিদের চোটে ঘুম।

আল্লাহতায়ালা হাঁক দিচ্ছেন ফেরেশতারা নেই
ফেরেশতারা যে যার মতো সাত আকাশে ঘোরে
ইসরাফিলের জ্বর হয়েছে শিঙা ফুঁকবে কে?
শিঙা ফুঁকতে দাঁড়িয়ে গেছে মানুষ এবং জ্বিন
পুলসেরাতে একলা বসে শেষ বিচারক কাঁদেন
আর, আখিরাতের দাঁড়িপাল্লা কবজা খসে পড়ে।

তসলিমা নাসরীন
তসলিমা নাসরীন
তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট, ১৯৬২) বাংলাদেশের একজন সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তাঁর রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়েন ও তাঁদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন;তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।