কবিতা

তোমার পায়ের কাছে

তোমার পায়ের কাছে স্বপ্ন ছিল
জলস্রোত ছিল,নক্ষত্র নিবিড় মৌন ছিল।
আর গতি ছিল গতিহীনতার দিকে
সময় মঞ্জরী।
তোমায়ের পায়ের নীচে থেকে যেন সৃষ্টির সূচনা
আমি হাত রেখেছিলাম সেখানে
শান্তির নিটোল বৃন্ত মুখ রেখে আমি
নক্ষত্রপুঞ্জের সুগন্ধি নিলাম,সখি।
মন্দিরে বিগ্রহ যদি কথা বলে, যদি দৈববাণী হয়
অথবা সঙ্গীত যদি রক্ত মাংসের দেহ পায়
আমি বিস্মিত হবো না ।
জানি না তোমার চেয়ে  বড় আর কি রহস্য আছে ?
তোমার পায়ের নীচে আমাকে অরণ্য হতে হবে
সেখানে আমার মুক্তি,স্বভাবের স্বাভিকতায়।
আমি তোছিলাম পাথরে ছড়ানো বীজ,আলো হাওয়া
যাকে দীর্ণ করে পল্লবের স্থির চরিত্র দেয়নি
তাই মনে হতো দ্রুব হল চোরাবালি,আর্তনাদ
তবু দেখ আমার চোখের মণি জল স্রোতে ফুল
আর দুই হাত তুলে নিল আরতির দীপাধার
তোমার পায়ের নীচে বৃক্ষ হলে
জীবনের নাম শস্য,সমারোহ ।

রাম বসু
রাম বসু (জন্ম: ১৯২৫) আধুনিক বাঙালী কবি, বহুকাল মার্কসবাদী চিন্তাধারায় অনুপ্রাণিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক বছরের পর লেখা তাঁর প্রথম কাব্যগ্রন্থ তোমাকে (১৯৫০) কবিতা-প্রেমী সমাজে সাড়া জাগায় । এই গ্রন্থের শীর্ষ কবিতা তোমাকে, পরান মাঝি হাঁক দিয়েছে ইত্যাদি কবিতা আজও গভীর জনপ্রিয়তার দাবী রাখে। প্রগতিবাদী কবিতার জন্য বিখ্যাত হলেও, প্রেমের কবিতা-তেও তিনি সিদ্ধহস্ত, এবং নাটক-সুলভ সংলাপের প্রয়োগ বিশেষভাবে লক্ষ্যণীয়।