কবিতা

একটি টাই…নীলাঞ্জনা নীলা

ছোট্ট একটি টাইয়ের নট এখনও বাঁধতে শেখোনি
অথচ কি অনায়াসে গভীর বন্ধন খুলে ফেলতে শিখেছো
আমি দেখি আর ভাবি
কতোটা অতলে তলিয়ে গেলে আর ভেসে ওঠা যায়না ?
আর কতোটুকু বিলিয়ে দিলে নিজেকে ,
নিজের থাকে না কিছুই
শুনেছি অগভীর সম্পর্কের কোনো নাটাই থাকেনা
কিন্তু এ চোখের দিঘীতে তুমি ছাড়া
কোনো পানকৌড়িও কখনো সাঁতার কাটেনি
তবু জেনে গেছি তুমি ভাঙ্গতে পারো
ছিঁড়তে পারো
শুধু জড়িয়ে থাকাই শিখতে পারোনি
যে সামান্য টাইয়ের নট বাঁধতে শেখেনি ,
তার কাছে কি করে আশা করা যায় গভীর সম্পর্কের বন্ধন ?

এন্টিগোনিশ , কানাডা

৩ মে , ২০১২ ইং ।

4 thoughts on “একটি টাই…নীলাঞ্জনা নীলা

Comments are closed.