হৃদয়ের একদিকে গোল হয়ে রয়েছে বেদনা।
উপশম খুঁজে আমি নাগালের সমস্ত গাছের
মূল উৎপাটন করে নিংড়ে রস লাগিয়েছি বুকে।
ওষুধের সাধ্য নেই, প্রকৃতি পারে না দিতে আর
আহারের রুচি, ঘুম, স্বপ্নের মধ্যে হেঁটে যাওয়া।
বারান্দার এক কোণে বসে আছি অচিকিৎস্য, কালো।
স্পর্শ দাও হে বাতাস দক্ষিণের উলঙ্গ বাতাস
দাও হাত এইখানে হৃদয়ের বামে, এইখানে
যেন চোখ মুদে আসে স্বপ্নে ভাসে চুড়ির আওয়াজ।
না, নিদ্রা চাইনা আমি। নিরাসক্ত ব্যথা ও বিস্বাদ
ফোঁটা ফোঁটা ঝরে যাক। দেখা যাক কেমনে সে চায়
আমাকে আরাম দিতে, নিয়ে যেতে আমার স্পন্দন।
Related Articles
পথ যদি
বিষয়টি আপাতত বিবেচনাধীন জানাবো সময় হলে। অপেক্ষায় থাকতে থাকতে একুশ গিয়ে, তেইশ পেরিয়ে, দিনগুলো যখন চব্বিশের সীমান্ত হারিয়ে পঁচিশের পথে, তখনো হলো না জানা বিবেচনাধীন নথিটির ছাড়পত্র আদৌ পাওয়া যাবে কি না। নিশ্চুপ, কিছু না জানিয়ে দেখিয়ে দিলেন পথ। পথ যদি কিছু বলে, নিশ্চয়ই আমাকে জানাবে বাতাস।
গাজা-প্যালেস্টাইন
খুব দুষ্টু দুটো বাচ্চা একজনের হাতে সুতোবাঁধা ঘুরপাক একজনের বেসুরো জলতরঙ্গ একটা ইয়োইয়ো, একটা ঝুমঝুমি টিভিতে ঐ দুটো বাচ্চাকে দেখাচ্ছিল খবরের চ্যানেল স্টার মুভিজ করে দিলে তুমি বাচ্চা দুটো তখন দুষ্টুমি করছিলোনা দুজনেই শুয়েছিল স্বপ্ন দেখছিল কিনা বলতে পারা যাবে না কারণ দুজনের মাথাই ছিল না
ঠিকানা
নিঝুম দুপুরে মন বলে চল চলে যাই দুরে — পাখিরা যেখানে উড়ে যায় খুলে যায় যেখানে গভীর তত্ত্ব !! নীরব আকাশ ব্যস্ত ধরা শুধু রোদ্দুর আর পাতা ঝরা রোদের ঝিকিমিকি পাখিদের কিল্ কিলি সেই কবিতা আর গান — চলে যায় মন– স্বপ্নের ঘোরে– সময়ের স্রোতে ভেসে চলে কত রঙ্গে রাঙ্গা স্বপ্ন; রেখে যায় শুধু স্মৃতি — আর শুধুই […]

