কবিতা

অনিন্দিতার জন্যে আরো একটি

আমি হবো একটি প্রজাপতি,
মাঠে মাঠে ঘুরব খানিক,
ক্ষণিকের করব আরতি,
সূর্যাস্তের করব বন্দনা।
তারপর হারাব আনমনা।

আমি হবো একটি মাছরাঙা,
গাছে গাছে উড়ব খানিক,
দেখব পুকুর আর ডাঙা
আনন্দিত দুপুর-রোদ্দুরে।
তারপর উড়ে যাব দূরে।

কত প্রজাপতি, পাখি এলো।
আমাদের ব্যাপ্ত পৃথিবীতে।
কিছুক্ষণ থেকে-চলে গেল।
কে তাদের, বলো, মনে রাখে?
তোমরাও পাবে না আমাকে।।

আব্দুল মান্নান সৈয়দ
আব্দুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দ (৩রা আগস্ট, ১৯৪৩ - ৫ই সেপ্টেম্বর, ২০১০) বাংলাদেশের একজন অগ্রগণ্য আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। পঞ্চাশ বছরেরও অধিক সময় ধ'রে বাংলা সাহিত্যকে নানান দিকে দিয়ে ঋদ্ধ করেছেন। তবে ঊনিশ শতকের ষাট দশকে আবির্ভূত অন্যতম কবি হিসেবে তিনি সচরাচর অভিহিত। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা, নাটক ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় সুপ্রসার ও সুগভীর অবদান রেখেছেন। তিনি বহুমুখী প্রতিভার অনন্যসাধারণ শিল্পী। রবীন্দ্রোত্তর কালে বাংলা সমালোচনা-সাহিত্যে তাঁর অবদান তুলনারহিত। কবি জীবনানন্দ দাশ এবং কবি কাজী নজরুল ইসলামের ওপর তাঁর গবেষণা প্রবাদপ্রতীম। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। জন্মসূত্রে তাঁর নাম সৈয়দ আবদুল মান্নান। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম "পোয়েট ইন রেসিডেন্স"।
http://www.olpokotha.com/author/abdul-mannan-sayed