কবিতা

পশম-উৎসবের আমন্ত্রণলিপি

পশমে ভরে যাচ্ছে চারপাশ, হাওয়ায়-হাওয়ায়
বাজছে পশমের রণদামামা, পশম তুমি কোথায়?
পশমের নামে ঝ’রে যাচ্ছে অজস্র বাদামপাতা
শান-বাঁধা পথের ওপর টুপটাপ শব্দের মঞ্জুরি।
শীতার্ত এই রাতে পশম তুমি আমাকে তোমার
নাগালে রেখো; ওই তো দূরে কোথাও শুনতে পাচ্ছি
ক্রমাগত একনাগাড়ে ডেকে চলেছে হাঁসেরা_
বাবুদের বাগানের ঝিলে, আমি বাইরে বেরুতে
পারছি না কতোদিন_ আমাকে তুমি নিয়ে চলো পশম,
আমার এক পাটি চটি হারিয়ে গেছে কোথায় যেন
আমি খুঁজেছি তাকে আঁতিপাঁতি সারা রাতভর
শিশির জড়ানো তৃণদলে, নালি ঘাসের সবুজ অরণ্যে
কুড়িয়ে পেয়েছি টিকিটবিহীন শাদা খাম
রাতদুপুরে তাই ছুটে গেছি বুড়ো দর্জির তাঁতকলে
অনেক যত্নে রঙিন সুতোয় নকশা বুনে লিখে দিলো
পশমের ঠিকানা, পশম-অন্ত-প্রাণে আমি শুনেছি
হাওয়ায়-হাওয়ায় বাজছে পশমের রণদামামা_
গ্রামোফোনের গানের আড়ালে পশম তুমি কোথায়?
বাবুদের বাগানে আজ শুধু পশমের গান
রঙিন পাতলা কাগজের হ্যান্ডবিল উড়ছে খালি
ঝ’রে-পড়া পাতার ফাঁকে-ফাঁকে নড়াচড়া করছে ফর্ফর
পশম আসছে আমাদের পশম-উৎসবে আজ।

বেলাল চৌধুরী
বেলাল চৌধুরী
জন্ম: ১২ নভেম্বর ১৯৩৮। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙ্গালী কবি যাকে ষাট দশকের সঙ্গে চিহ্নিত করা হয়। তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসাবেও খ্যাতিমান। তাঁর জন্ম ১৯৩৮ সালের ১২ই নভেম্বর বাংলাদেশের ফেনী উপজেলার অন্তর্গত শর্শদি গ্রামে। তাঁর পিতা রফিকউদ্দিন আহমাদ চৌধুরী ও মা মুনীর আখতার খাতুন চৌধুরানী। তিনিঁ দীর্ঘকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস কর্তৃক প্রকাশিত ভারত বিচিত্রা পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।